ঢাকা-১০ আসনের ভোটার: এখান থেকেই নির্বাচন করতে চান আসিফ মাহমুদ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন করার পর সাংবাদিকদের জানিয়েছেন, কোন আসন থেকে নির্বাচন করবেন, সেটি এখনো চূড়ান্ত না হলেও ঢাকা থেকে নির্বাচন করবেন এ বিষয়টি নিশ্চিত।
রোববার (০৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার প্রক্রিয়া সম্পন্ন করেন এই উপদেষ্টা। পরে উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো, এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা। কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই।
কোন দল থেকে নির্বাচন করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক।