ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করলেন বাবা
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় নিজের মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন বাবা বারেক খান। গতকাল রোববার ভোরে আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের এই ঘটনার পর তিনি ৯৯৯-এ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
ঝালকাঠির ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে অভিযুক্ত আব্দুল বারেক খানকে (৫৫) আটক করেছে। কাঁঠালিয়া থানার ওসি মো. নাসের রহমান ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন মাদকাসক্ত ছিল। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মা-বাবাকে মারধর করতেন এবং এলাকাবাসীর সঙ্গেও ঝামেলায় জড়াতেন। দুর্ঘটনার আগের দিন সকালে শুভ বাবার কাছে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুর করেন। পরে সন্ধ্যার দিকে স্থানীয় বাজার থেকে একটি দা কিনে বাড়িতে ফেরেন এবং টাকা না দিলে মা-বাবাকে গলা কেটে হত্যার হুমকি দেন। বিষয়টি মা খুশি বেগম স্বামীকে জানালে নিরাপত্তার আশঙ্কায় তিনি রাতে অন্য ঘরে ঘুমান।