দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
দিনাজপুর জেলার বিরামপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্ততঃ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্ততঃ ৬ জন।
আজ রোববার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দিনাজপুর-গাইবান্ধা মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি মোশারফ হোসেন বাবু (৫৮)। নিহতের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকায়। অপর নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।