খুলনার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা
খুলনা জেলার পাইকগাছা উপজেলায় এক পুলিশ কর্মকর্তার মা ভারতীয় মন্ডলকে গত শনিবার (১৪ মার্চ) গভীর রাতে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে লাশ পুকুরে ফেলে দিয়েছে দুর্বত্তরা। এই সময় তার ঘরের আলমারিসহ সব আসবাবপত্র ভাঙচুর এবং যাবতীয় মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জানা যায়, উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামে বাড়ি স্বামী পরিত্যক্তা ভারতীয় মন্ডলের। তার ছেলে চিন্ময় মন্ডল পুলিশের বরিশাল রেঞ্জের উপ-পুলিশ পরিদর্শক হিসাবে কর্মরত। গত ২৫-৩০ বছর আগে ভারতীয়র স্বামী প্রভাষ মন্ডল ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে পাইকগাছা মৎস্য আড়তদারি সমিতির মসজিদে ইমামতি করছেন।
স্থানীয় বাসিন্দা কুমারেশ মন্ডল ও তুহিন মন্ডল বলেন, কে বা কারা পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করেছে। পুকুরপাড়ে প্রচুর রক্ত দেখা গেছে। ঐ বাড়ির কাজের লোক গতকাল রোববার (১৫ মার্চ) সকালে এসে ঘর খোলা এবং সবকিছু এলোমেলো দেখে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তার লাশ পুকুরে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।