মায়ামির রোমাঞ্চকর জয়, ফ্রি কিক থেকে মেসির গোল
দূর থেকে পাওয়া এক ফ্রি কিক থেকে গোল করে আবারও আলোচনায় লিওনেল মেসি। খুব জোরালো শট না হলেও প্রতিপক্ষের ডিফ্লেকশনে বল জালে জড়ায়। সেই গোলেই ম্যাচে ফেরে ইন্টার মায়ামি, পরে নাটকীয় লড়াইয়ে জয়ও তুলে নেয় তারা। মেজর লিগ সকারে নিউইয়র্ক সিটির মাঠে ৩-২ ব্যবধানে জিতেছে মায়ামি। দলের হয়ে গোল করেছেন গন্সালো লুহান, লিওনেল মেসি ও মিকায়েল দোস সান্তোস।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। তৃতীয় মিনিটে গন্সালো লুহানের গোলে লিড নেয় তারা। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারের ক্যারিয়ারে এটি প্রথম গোল।
১৭তম মিনিটে সমতায় ফেরে নিউইয়র্ক সিটি। আর্জেন্টাইন মিডফিল্ডার ফের্নান্দেস মের্কাউ দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় স্বাগতিকরা। ৫৯তম মিনিটে মাক্সি মোরালেসের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন উইঙ্গার আগুস্তিন ওহেদা।