মালয়েশিয়ার জোহর রাজ্যে নির্মাণ হচ্ছে বিশাল অভিবাসন ডিপো
মালয়েশিয়ার জোহর রাজ্যে বিদেশি নাগরিকদের জন্য নির্মাণ হচ্ছে অভিবাসন ডিপো। দেশটির একমাত্র অভিবাসন আটক কেন্দ্রে দীর্ঘদিনের অতিরিক্ত ভিড় কমাতে পেকান নানাসে নতুন একটি ডিটেনশন ডিপো নির্মাণ করা হচ্ছে।
প্রায় ২০ মিলিয়ন রিঙ্গিত ব্যয়ে নির্মিত এই নতুন ভবনটি চলতি বছরের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এতে প্রায় ২,২০০ জন আটক ব্যক্তি রাখার ব্যবস্থা থাকবে।
জোহর অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, একই প্রাঙ্গণে নির্মাণাধীন নতুন ভবনটি কঠোর আইন প্রয়োগের ফলে গ্রেফতারের সংখ্যা বেড়ে যাওয়ায় অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে।
তিনি বলেন, বর্তমানে বিদেশি নাগরিকদের জন্য রাজ্যের একমাত্র আটক ডিপো পেকান নানাসের আদর্শ ধারণক্ষমতা প্রায় ১,২৫০ জন। তবে বাস্তবে অনেক সময় সেখানে প্রায় ২,০০০ জন পর্যন্ত আটক রাখা হয়েছে; যা কেন্দ্রটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।