বাংলাদেশের বিপক্ষে বাবর আজমকে খেলানো প্রসঙ্গে যা বললেন আহমেদ শেহজাদ
পাকিস্তান ক্রিকেটে বাবর আজমকে ঘিরে বিতর্ক যেন চলছেই। এর মধ্যেই দলটির সাবেক ওপেনার আহমেদ শেহজাদ স্পষ্টভাবে বাবরের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি সমালোচকদের উদ্দেশ্যে সরাসরি কড়া বার্তা দিয়েছেন।
জিও নিউজের এক অনুষ্ঠানে শেহজাদ বলেন, ‘২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। বাবরকে হেয় করবেন না এবং সব সমস্যার দায় শুধু তার ওপর চাপাবেন না। সব ভুল বাবরের কারণে হয়নি।’
তিনি আরও বলেন, পাকিস্তানের ওয়ানডে দলে বাবরের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যাবে না। শেহজাদের ভাষ্য, ‘বাবর পাকিস্তানের সেরা ওয়ানডে ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে তাকে বাদ দেবেন না। ওয়ানডে সিরিজ তো জেতার জন্যই, বাংলাদেশে বাবর না থাকলে জেতা কঠিন হবে। ওয়ানডেতে বাবরই পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং সবচেয়ে বেশি রান করে।’