পূর্ব জেরুজালেমে ৪০ দিন পর আল-আকসা খুলে দিলো ইসরাইল
দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ ৪০ দিন পর আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) মুসল্লিদের জন্য খুলে দিয়েছে ইসরাইল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে পবিত্র এই মসজিদটি বন্ধ করেছিল তেল আবিব। খবর আনাদোলুর।
স্থানীয় সূত্র জানায়, পুরনো শহরে (ওল্ড সিটি) অবস্থিত এই মসজিদটি ভোরে খুলে দেওয়া হয়, যাতে শত শত ফিলিস্তিনি মুসল্লি আল-হারাম আল- শরিফ প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন।
ফজরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদের দরজা খুলে দিলে বিপুল সংখ্যক মুসল্লি সেখানে ছুটে আসেন। অনেককে কান্নায় ভেঙে পড়তে এবং মসজিদের আঙিনায় সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখা যায়।