ঈদকে ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন প্যারিসে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ফ্রান্সের রাজধানী প্যারিস-এ বসবাসরত বাংলাদেশি মুসলিম সম্প্রদায় ব্যাপক উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছে। সম্ভাব্য ২০ মার্চ (শুক্রবার) ঈদকে সামনে রেখে শহরের বিভিন্ন এলাকায় একাধিক জামাত ও উৎসবমুখর আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র স্তাঁ’য় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার-এ অনুষ্ঠিত হবে সবচেয়ে বড় ঈদের জামাত। আয়োজকরা জানিয়েছেন, এখানে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত শুরু হয়ে প্রতি ৪৫ মিনিট অন্তর একাধিক জামাত শেষে সকাল সাড়ে ১০টায় শেষ জামাত অনুষ্ঠিত হবে। নারী মুসল্লিদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসের ব্যস্ত জীবনেও ধর্মীয় অনুশাসন ও ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে। ঈদের জামাতকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় হয়।