‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী
সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম থেকে সম্ভাব্য অর্জনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদি, টেকসই ও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে বর্তমান সরকারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে। এই লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ করছে।
তিনি জানান, এই মহাপরিকল্পনা প্রণয়নে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটন খাতের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘পটুয়াখালী জেলার কুয়াকাটা, চট্টগ্রাম জেলার পতেঙ্গা-আনোয়ারা সমুদ্র সৈকতের মৌলিক সুবিধাদি উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।