মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল এসেছে
মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ।
গতকাল শনিবার (০৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাহাজটি গত শুক্রবার (০৩ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে, বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে।
জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস।
প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজে ৩৪,০০০ টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে ছোট জাহাজে খালাস (লাইটারিং) করতে হবে। এই কাজ শেষ করতে অন্তত দুই দফা অপারেশন প্রয়োজন।