রমজান মাসকে মুনাফা লাভের মাস হিসেবে বিবেচনা করবেন না: প্রধানমন্ত্রী
পবিত্র রমজান মাসকে মুনাফা লাভের মাসে পরিণত না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমি দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। রমজান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়।
যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার আহ্বান, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে গণ্য করবেন না।
গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এই কথা বলেন।
ভাষণের শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন প্রধানমন্ত্রী।