কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলে স্ত্রীর বোরকা পেঁচিয়ে দুর্ঘটনা, স্বামী নিহত
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান নামে এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার গালিমপুর ইউনিয়নের খামারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান কুমিল্লার শিকারপুর যাত্রাপুর গ্রামের বাসিন্দা।
এই ঘটনায় তার স্ত্রী ফারজানা আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা বলেন, চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে গেলে গাড়িটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারায়। এতে আরোহী স্বামী ও স্ত্রী দুজনেই ছিটকে পড়লে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। স্থানীয়রা ফারজানা আক্তারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।