রাঙামাটির কাপ্তাইয়ে ট্রাক উল্টে চালক নিহত
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় ট্রাক উল্টে গিয়ে চালক আজিজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন।
গতকাল সোমবার (০৯ মার্চ) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক আজিজুল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উত্তর আকনপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ঢাকা থেকে টাইলস ও ওষুধ বোঝাই করে বান্দরবানের উদ্দেশ্যে যাওয়ার পথে ৩ টনের একটি মিনি ট্রাক রাইখালীর কারিগরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এই ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।