সংসদে প্রথম অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হলে রাস্তায় নামতে হবে: নাহিদ ইসলাম এমপি
জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, আগামী ১২ তারিখ সংসদের প্রথম অধিবেশনে যদি সংস্কার পরিষদ গঠিত না হয়, যদি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না হয়, আমরা আপনারা যারা হ্যাঁ ভোট দিয়েছি, নিজেদের ভোটাধিকার আর অধিকার আদায়ে আবারো রাস্তায় নামতে হবে। সেটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ, ঋণখেলাপি ও সংস্কারবিরোধী শক্তির বিরুদ্ধে আবারও লড়াইয়ে শামিল হবো।
গতকাল রোববার (০৮ মার্চ) বরিশালে এনসিপি আয়োজিত বরিশাল বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নগরীর হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে দলের জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি ও প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।